রুপবাণী ডেস্ক ৩ অগাস্ট ২০২৬ , ২:২৩ পিএম প্রিন্ট সংস্করণ
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ওই দুই রুশ নাগরিক একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। একপর্যায়ে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নিলে দুজনই মারাত্মক আহত হয়ে অচেতন হয়ে পড়েন। অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান এবং আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন।











