অপরাধ

ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা

  রুপবাণী ডেস্ক ৯ অগাস্ট ২০২৬ , ৪:২৪ এএম প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায় করায় বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পদ হারানো নেতারা হলেন, দরবেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদের দল থেকে অব্যহতি দেওয়া হয়। অব্যহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকু রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।

অব্যহতিপত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এর অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে অব্যহিতপ্রাপ্ত বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছে। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫ হাজার টাকা নিয়েছেন। ঘটনা জানতে পেরে তিনি এবং তার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন।

তিনি আরও বলেন, হারুন ও ইউছুফের দাবি, টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। মূলত টাকাটা তারা দুইজনই নিয়েছেন। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কেউ নন, দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।