অপরাধ

ফরিদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

  রুপবাণী ডেস্ক ২ অগাস্ট ২০২৬ , ৭:২২ এএম প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দিতে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু মাহমুদা (৯) তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। সে চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে খোঁজাখুঁজির একপর্যায়ে তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য আরেকটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।