রুপবাণী ডেস্ক ৯ অগাস্ট ২০২৬ , ১:৫৬ পিএম প্রিন্ট সংস্করণ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বহুল কাঙ্ক্ষিত চার লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে থমকে যাওয়া সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে। এতে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা।

উদ্বোধনকালে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও বন্ধ থাকা সড়কটির কাজ আজ আমরা আবারো উদ্বোধন করলাম। আমরা হিলিবাসীকে কথা দিয়েছিলাম, আমরা ক্ষমতায় আসলে হিলির সব অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। এটি সেই ধারাবাহিকতারই একটি অংশ।
মন্ত্রী আরো বলেন, হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে ইতোমধ্যে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানে ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নকাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান জানান, হিলি স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের যানবাহনের পাশাপাশি স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচলের কারণে হিলি জিরোপয়েন্ট থেকে চারমাথা ও মহিলা কলেজ পর্যন্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়ে আসছিল। চার লেন সড়কের নির্মাণকাজ শেষ হলে যানজট অনেকটাই কমবে এবং বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ আরো সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন তিনি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর চার লেন সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ।











