রুপবাণী ডেস্ক ৬ অগাস্ট ২০২৬ , ৬:৫৩ এএম প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক স্পেস রোবটিক্স প্রতিযোগিতা অ্যানাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘মার্স রোভার টিম’। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২০টি ফাইনালিস্ট দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশি দলটি।

একইসঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে অসাধারণ ধৈর্য, অধ্যাবসায় ও দৃঢ়তার স্বীকৃতি হিসেবে তারা আয়োজকদের ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ সম্মাননাও লাভ করেছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় গত ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্পেস রোবটিক্স প্রতিযোগিতা অ্যানাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক মঙ্গল রোভার দল অংশগ্রহণ করে।
এদিকে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে একটি নতুন মাইলফলক স্পর্শ করে দলটি। প্রথমবারের মতো আন্তর্জাতিক এই মঞ্চে গ্রিন ইউনিভার্সিটি মার্স রোভার টিমের একজন সদস্যও সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ পান।
দলটির এই আন্তর্জাতিক সাফল্যে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, তার্কিশ এয়ারলাইন্স এবং ওয়ালটন।




