নিজস্ব প্রতিবেদক, রপবাণী ২ অগাস্ট ২০২৬ , ২:৩১ পিএম প্রিন্ট সংস্করণ
ঢাকা: দেশের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জাতীয় পরিচয়পত্র (NID) ও স্থায়ী ঠিকানা না থাকায় এই সুবিধার বাইরে রয়ে গেছেন দেশের চরম অসহায় ভাসমান মানুষ। ফুটপাত, রাস্তার পাশ, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে বসবাসকারী এই বিপুল জনগোষ্ঠীকে দ্রুত বিশেষ সহায়তার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সমাজকর্মী ও মানবাধিকার বিশেষজ্ঞরা।
অনুসন্ধানে দেখা যায়, খোলা আকাশের নিচে বসবাসকারী এসব মানুষের অধিকাংশের কোনো স্থায়ী ঠিকানা নেই। প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় সরকারঘোষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সুবিধা তাদের পর্যন্ত পৌঁছায় না। অথচ প্রতিদিনের মৌলিক খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের জন্য সবচাইতে বেশি লড়াই করতে হয় এই শ্রেণীটিকেই।
বিশেষজ্ঞদের মতে, কাগজপত্রের অজুহাতে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশকে সুরক্ষা ব্যবস্থার বাইরে রাখা কোনো মানবিক রাষ্ট্রের পরিচয় হতে পারে না।
সামাজিক বিশ্লেষকরা বলছেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন প্রতিফলিত হয় তার সবচেয়ে অনগ্রসর ও অসহায় নাগরিকের জীবনের নিরাপত্তার ওপর। তাই অবিলম্বে রাস্তা ও ফুটপাতে থাকা চরম অসহায় মানুষদের জন্য ফ্যামিলি কার্ড বা সমমানের খাদ্য ও আর্থিক সহায়তা চালু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতি নির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।