রুপবাণী ডেস্ক ১ অগাস্ট ২০২৬ , ৮:৪৩ এএম প্রিন্ট সংস্করণ
ডিম্বাণু সংরক্ষণের ব্যাপারটি এখন বেশ আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের অনেক অভিনেতা-অভিনেত্রী এটি করছেন। বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে আগেভাগেই এই পরিকল্পনা করছেন তারা। মূলত, ক্যারিয়ার যাতে বাধাগ্রস্ত না হয়, এ কারণে অধিকাংশ অভিনেত্রী নিজের ডিম্বাণু সংরক্ষণ করছেন।

ডিম্বাণু সংরক্ষণ একটি চিকিৎসাপদ্ধতি; যেখানে নারীর সুস্থ ডিম্বাণু সংগ্রহ করে অত্যন্ত কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, সেই ডিম্বাণু ব্যবহার করে গর্ভধারণের চেষ্টা করে থাকেন। যদিও এই পদ্ধতি সন্তান হওয়ার শতভাগ নিশ্চয়তা দেয় না। তবে নারীদের জন্য তুলনামূলক সম্ভাবনাময়। বলিউডের অনেক নায়িকা এই পদ্ধতি গ্রহণ করেছেন। তাদের কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন—

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বিয়ের প্রায় চার বছর পর প্রথম সন্তানের মা হন ৪৪ বছর বয়েসি এই দেশি গার্ল। তবে মেয়ে মালতির জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। এখন থেকে ১৩ বছর আগে মায়ের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণ করেন তিনি। আর্মচেয়ার এক্সপার্ট শিরোনামে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে বিয়ের আগে ডিম্বাণু সংরক্ষণের কারণ ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমি যখন ৩০ বছর বয়সে পা রাখি ওই সময়ে নিজের ডিম্বাণু সংরক্ষণ করি। আমি আমার ক্যারিয়ার একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম। আমার উচ্চাকাঙ্ক্ষী এই যাত্রা পথ বাধাগ্রস্ত করতে চাইনি। তাছাড়া আমার সন্তানের বাবা হবে এমন কারো সঙ্গে তখন দেখাও হয়নি। এসব বিষয় নিয়ে একটা উদ্বিগ্নতা কাজ করছিল। আমার মা একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার। পরে মায়ের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিই।”

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। ৩৬ বছর বয়েসি এই অভিনেত্রী এখনো অবিবাহিত। এখনো বিয়ের পিঁড়িতে না বসলেও মাতৃত্বের স্বাদ নিতে ষোলআনাই প্রস্তুত। ২০২১ সালে মুক্তি পায় তার অভিনীত আলোচিত সিনেমা ‘মিমি’, সেই সময়ে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেন কৃতি। এ কথা প্রকাশ্যেই জানান এই নায়িকা। তিনি মনে করেন—ভবিষ্যতের জন্য নিজের প্রতি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত এটি। নারীদের নিজ শরীর ও ভবিষ্যৎ নিয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা। তারা হলেন—কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল। পাশাপাশি সংসারীও হয়েছেন। তবে ৪৮ বছর বয়সি তানিশা মুখার্জি এখনো অবিবাহিত। বিয়ে না করলেও ৯ বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বিয়ে না করে ডিম্বাণু সংরক্ষণ করার কারণ ব্যাখ্যা করে এক সাক্ষাৎকারে তানিশা বলেছিলেন, “আমি আপাতত সন্তান চাই না। একথাই বার বার মাথায় ঘুরছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।”

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ স্বাধীন। জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেন। ফলে অনুরাগীদের প্রশ্ন বা মন্তব্যের স্পষ্ট জবাব দিতেও বিন্দুমাত্র পিছপা হন না। করোনা সংকটের সময়ে ডিম্বাণু সংরক্ষণ করেন রিচা। ব্যক্তিগত জীবনে অভিনেতা আলী ফজলের সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। ২০২৪ সালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ডিম্বাণু সংরক্ষণের বিষয়ে তার মত—নিজের সুবিধামতো সময়ে মা হওয়ার সুযোগ ধরে রাখার জন্য এই প্রযুক্তি সহায়ক হতে পারে।

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া প্রতিযোগী এশা গুপ্তা। ২০১২ সালে ‘জান্নাত-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘রাজ-থ্রি’, ‘হামশাকালস’, ‘রুস্তম’, ‘কমান্ডো-টু’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। চল্লিশ বছর বয়েসি এই এখনো অবিবাহিত। ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে ২০১৭ সালে ডিম্বাণু সংরক্ষণ করেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, প্রতিটি নারীর নিজ জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। এই সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি ব্যক্তিগত পরিকল্পনার অংশ হিসেবে দেখেন তিনি।

ভারতীয় টিভি সিরিয়াল ও বলিউডের জনপ্রিয় প্রযোজক একতা কাপুর। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ৫১ বছর বয়সি এই তারকা প্রযোজক। বিয়ে না করেও একটি পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন হিন্দি ধারাবাহিকের এই ‘কুইন’। ২০১৯ সালের গত ২৭ জানুয়ারি সারোগেসির মাধ্যমে মা হন একতা।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে