রুপবাণী ডেস্ক ৯ অগাস্ট ২০২৬ , ২:৪৭ পিএম প্রিন্ট সংস্করণ
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ বা জেট ফুয়েলের দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি অগাস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে। সে হিসাবে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও ভ্যাটমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০ দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিইআরসির এক আদেশে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। এদিন রাত ১২টা থেকে নতুন দর কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিল আবারও বাড়ানো হয় দাম।
এরপর মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। এরপর জুনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। অর্থাৎ তখন লিটারপ্রতি দাম কমানো হয় ১৫ টাকা ৬৭ পয়সা।











