রুপবাণী ডেস্ক ৪ অগাস্ট ২০২৬ , ১২:৫৩ পিএম প্রিন্ট সংস্করণ
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে পাঁচ ও ছয় নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।
ছাত্রদলের কর্মী রাসেল গণমাধ্যমকে বলেন, “সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন।” এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
রাসেল বলেন, “এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।”
সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ থেকে বের হয়ে যান, এরপর ছাত্রদলের কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন।”











