আইন-বিচার

সাড়ে ছয় বছরে এনআইডি সংশোধনের আবেদন ৬৩ লাখ

  রুপবাণী ডেস্ক ৩ অগাস্ট ২০২৬ , ৫:৩৮ এএম প্রিন্ট সংস্করণ

সাড়ে ছয় বছরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করেছে কমিশন। অনুমোদন দেওয়া হয়েছে ৪০ লাখের বেশি আবেদন, আর বিভিন্ন কারণে প্রায় ১৩ লাখ আবেদন বাতিল করা হয়েছে।

সম্প্রতি ইসির এনআইডি অনুবিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালের শুরু থেকে ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি সংশোধন আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন নিষ্পত্তি হয়েছে, যা মোট আবেদনের প্রায় ৯৮ শতাংশ।

নিষ্পত্তিকৃত আবেদনের মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি অনুমোদন করা হয়েছে। অন্যদিকে তথ্য-প্রমাণের ঘাটতি, অসঙ্গতি বা অন্যান্য কারণে ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার ‘ক-১’ ক্যাটাগরিতে আবেদন ১ লাখ ৩৮ হাজার ৩৭২টি এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার ‘খ-১’ ক্যাটাগরিতে আবেদন রয়েছে ১ লাখ ১০ হাজার ১০টি।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, চাকরি ও বিদেশযাত্রাসহ জরুরি প্রয়োজনে অনেকেই দ্রুত এনআইডি সংশোধনের আবেদন করেন। যথাযথ কারণ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে সেসব আবেদন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তবে অসৎ উদ্দেশ্য বা ভুয়া তথ্যের প্রমাণ পাওয়া গেলে আবেদন বাতিল করা হয়।

এদিকে এনআইডি সংশোধন সেবা আরোও সহজ ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে নাগরিকদের জন্য এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে কমিশন।